বিভিন্ন ধরনের পশু গৃহে পালন করা হয়ে থাকে, যেমন- গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর, গাধা, উট, ঘোড়া, কুকুর, বিড়াল, খরগোশ ইতাদি। এ সকল প্রাণি গৃহে পালন করা হয় বলে এদেরকে গৃহপালিত পশু বলা হয়। এরা সহজেই পোষ মানে। গরু, মহিষ ও ছাগল থেকে মাংস এবং দুধ পাওয়া যায়। কুকুর ও বিড়াল শখ করে পালন করা হয়। ঘোড়া পরিবহন ও দৌড় প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। ভেড়া থেকে পশম, দুধ ও মাংস পাওয়া যায়। মহিষ প্রধানত হালচাষ ও গ্রামীণ পরিবহণে ব্যবহৃত হয়। গৃহপালিত পশু থেকে দুধ, মাংস ছাড়াও নানা প্রকার উপজাত দ্রব্য, যেমন- শিং, চামড়া খুর, পশম, রক্ত, দাঁত, হাড়, নাড়িভুঁড়ি, মল পাওয়া যায়। দুধ ও মাংস মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উপজাত দ্রব্য থেকে নানাবিধ প্রয়োজনীয় শিল্পসামগ্রী প্রস্তুত করা হয়। অর্থনৈতিক উন্নয়নসহ বেকারত্ব দূরীকরণে গৃহপালিত পশু পালন লাভজনক।