রব্বে কারীমের পক্ষ হতে, তার বান্দা হিসাবে এতটুকু বলার সাহস কি করতে পারি না, পুণ্যকর্মের আনন্দে না হোক, মন্দকর্মের অনুতাপ-অনুশোচনায়!
ইনশাআল্লাহ্ আশা করি, পাঠক হিসাবে এখান থেকে আপনি পেয়ে যাবেন ক্ষমা ও মাগফিরাতের আলোকিত পথ! বাকি থাকলো আপনার লেখক, তার কলমের কিছু কালি! তার চোখের কিছু পানি! তার হৃদয়ের কিছু স্পন্দন!….. আচ্ছা, এ প্রসঙ্গ থাক, আমি শুধু আপনার বিগলিত হৃদয়ের কাছে মিনতি নিবেদন করছি, আপনার চোখের দু’ফোঁটা পানিতে আমারও জন্য যেন থাকে মাগফিরাতের নিবেদন! আপনার হৃদয়ের স্পন্দনে আমারও জন্য যেন থাকে ক্ষমার আকুতি! যতদিন বেঁচে থাকবো, কৃতজ্ঞতা হিসাবে আপনার কল্যাণ কামনা করে যাবো, ইনশাআল্লাহ্! এবারের রামাযানের আর ক’টা দিন বাকি আছে! কামনা করি, পিছনের দিনগুলো আলো ও শুভ্রতা নিয়ে আপনার ডানকাঁধে সঞ্চিত থাকুক! আর সামনের দিনগুলো বামকাঁধের পথ এড়িয়ে ডানকাঁধেরই পথে অগ্রসর হোক। এই কামনা আপনার অন্তরের কাছে আমার নিজের জন্যও আশা করি।
আল্লাহর ইচ্ছায় সুখে থাকুন এবং যারা আপনার ছায়ায় আছে তাদের সুখে রাখুন। আশা করি, আবার দেখা হবে, আবার কথা হবে তৃতীয় দশকের নাজাত ও মুক্তির অঙ্গনে!
রাব্বে কারীমে দয়া ও করমের ভিখারী।
-আবু তাহের মিছবাহ