একটি ছোট্ট, দুর্বল ভুতুড়ে গল্পও কখনো কখনো অনেক বড় বাণিজ্যিক হয়ে উঠতে পারে। ডিব্বুক বক্সের গল্পটি এমনই। কারো কারো কাছে অবশ্য নামটা ডায়ব্বক বক্স। ডিব্বুক কিংবা ডায়ব্বক যাই হোক না কেন ভুতুড়ে কাণ্ডকারখানার দিক থেকে এটি অনেক কিছুকেই ছাড়িয়ে গেছে। ফলে সহজেই এর নাম চলে এসেছে পৃথিবীর কুখ্যাত সব অভিশপ্ত জিনিসের নামের তালিকায়। এই ডিব্বুক বক্স কেন-কিভাবে কার মাধ্যমে তৈরি হয়েছিল তার যেমন কোনো তথ্য প্রমাণ নেই, ঠিক তেমনি এটির হন্টেড বা অভিশপ্ত হয়ে ওঠার পেছনের গল্পটিও কারো জানা নেই। সর্বপ্রথম এই বাক্সের গল্প উঠে আসে আন্তর্জাতিক ই-কমার্স সাইট ইবে ডট কম এর একটি অকশন পেইজে। সেখানে এই বাক্সটি বিক্রির জন্য পোস্ট করা হয়। সঙ্গে লিখে দেয়া হয় এ সংক্রান্ত অদ্ভুত অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতার গল্প ও পরের ঘটনা সারা বিশ্বে দারুণ আলোচনার জন্ম দেয়।