শয়তান আমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু। তাই, শয়তানের প্ররোচনা ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময়ই আমাদের আল্লাহ্ তা'আলার কাছে সাহায্য বা আশ্রয় চাইতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ্ তা'আলার শেখানো বাক্য হচ্ছে- 'আউযুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজীম'
অর্থাৎ 'বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্ তা'আলার কাছে আশ্রয় চাচ্ছি।' 'আউযু' অর্থ আশ্রয় চাওয়া, পানাহ্ চাওয়া, পরিত্রাণ চাওয়া। 'শয়তান' অর্থ বিদূরিত বস্তু বা ব্যক্তি, উত্তপ্ত বস্তু। শয়তান যেহেতু স্বভাব-প্রকৃতিতে মানুষ থেকে দূরে অবস্থান করে, সেহেতু তাকে শয়তান বলা হয়। তাছাড়া নিজ অবাধ্য স্বভাবে সে যাবতীয় কল্যাণ থেকে বিদূরিত, তাই তাকে শয়তান বলা হয়। শয়তান আগুন থেকে সৃষ্ট বলে শয়তানকে শয়তান বলা হয়। 'রাজীম' অর্থ বিতাড়িত, বিদূরিত, অভিশপ্ত।