সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ-বাংলাদেশে, রবীন্দ্রনাথের আসন কেন অনন্য, এ প্রশ্ন উঠতেই পারে। 'উঠতেই পারে' শব্দ দু'টি ব্যবহারে সাম্প্রদায়িকতার প্রচ্ছন্ন ইঙ্গিত অনেকে পেতে পারেন, কিন্তু সাম্প্রদায়িকতা যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সেটি চাদর চেপে রাখা অর্থহীন। ১৯৪৭ সাল ও তার পরবর্তী সময়ের কথা সবার জানা।
মধ্যবিত্ত হিন্দুরা ১৯৪৭ সালের পর দেশ ত্যাগ করেছিলেন, ১৯৭১ সালে তারাই প্রধান টার্গেট ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী ও বাঙালি পাকিস্তানিদের। ১৯৭৫ সালের পর যারা দেশ শাসন করেছিলেন তারা আবার পাকিস্তানের দিকে যাত্রা শুরু করেছিলেন। এর বিপরীত ধারা যে ছিল না তা' নয়। কখনও তা ছিল দুর্বল, কখনও বেগবান। কিন্তু, কোন কোন ক্ষেত্রে এই সাম্প্রদায়িকতাবোধ একটি পর্যায়ের পর কাজ করে নি। এটি বোঝা সম্ভব যদি আমরা বাংলাদেশের রাষ্ট্রগঠনের কথা চিন্তা করি।