বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্মের নানা অনুশাসন মেনে চলার পাশাপাশি তারা ব্যক্তিগত জীবনে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনা তাদের মর্মমূলে প্রোথিত। মাজারসংস্কৃতি এ বিশ্বাস ও চেতনার ধারক। মাজারসংস্কৃতির নানা সমালোচনা ও বিতর্ক আছে। আছে দুর্বলতাও। সুফিবাদ ও বাউল দর্শনে প্রভাবিত মাজারসংস্কৃতি কোনো কোনো ক্ষেত্রে ইসলামের মূলনীতির বিষয়ে উদাসীন। কিন্তু মাজারের ভক্ত-দর্শনার্থীদের একটি বড় অংশই পরিপূর্ণভাবে শরিয়তের অনুসারী। আবার এখানে অনেকে লোকধর্মের চর্চা করেন। বস্তুত বাংলাদেশ তথা উপমহাদেশের ধর্মবিশ্বাস ও ধর্মচর্চায় মাজারসংস্কৃতি এক অনিবার্য বাস্তবতা। কেবল মুসলিম নয় অনেক অমুসলিমও মাজারসংস্কৃতির প্রতি অনুরক্ত। যদিও আলেমদের একটি বড় অংশ মাজারের ঘোর বিরোধী। মাজারের অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্বও কম নয়। মাজারকে ঘিরে প্রচলিত লোকবিশ্বাস, সংস্কার, লোকাচার, উৎসব, সঙ্গীত বাংলার আবহমান সংস্কৃতির অংশ। বাংলাদেশের মাজারসংস্কৃতি এসবেরই তথ্যবহুল চিত্রায়ন।