কাউন্সেলিং মানে উপদেশ দেওয়া নয়, সমালোচনামূলক মন্তব্য করাও নয়। কাউন্সেলিং একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়ার ‘কাউন্সেলিং টেবিলের গল্প’ সিরিজের নতুন বই ‘সঙ+সার=সংসার’।
সংসার মানে কী? মানিয়ে চলা, আনন্দ, অশ্রু, হাসি, বেদনা, পরকীয়া, বিবাহবিচ্ছেদ, তারপরে একলা চলার গল্প। নাকি সংসার এক আজব ভুলভুলাইয়া, অনেকটা নাট্যমঞ্চের মতো। একজন মানুষকে যেখানে অভিনয় করতে হয় নানা ভূমিকায়। কত অলিগলি, কত মুখোশ, রং মেখে কত সত্য গোপন, কত চোখের পানিতে ভেজা বালিশ, কত রাগ, হাসি, আনন্দ, মান-অভিমান আসে সে জীবনে। সংসারজীবনে নানা জনের নানা সত্য ঘটনা গল্পচ্ছলে মনোজাগতিক ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে অভিনব এই বইটিতে।
প্রত্যেকটি মানুষেরই চিন্তার দক্ষতা রয়েছে। এ কারণেই মনস্তত্ত্ব কোনো জটিল বিষয় নয়। বরং আমরা যদি মনোজাগতিক সীমাবদ্ধতাকে নিজেই চিহ্নিত করতে পারি, তাহলে অন্যের দিকে আর আঙুল তোলার অবকাশ থাকে না। সম্পর্কটাও তখন হয় ভালোবাসার, সম্মানের ও আস্থার। তাহলেই সংসারটা সংসার থাকবে, না হলে কেবল সঙ সাজাই সার হবে। বইটিতে লেখক সংসারজীবনের সেসব প্রসঙ্গই তুলে ধরেছেন সরল গদ্যে, একেবারে গল্পের মতো করে।
‘সঙ+সার=সংসার’ যে-কোনো সাধারণ ও মনস্তত্ত্ব-অনুসন্ধানী পাঠকের জন্য একটি অনন্য বই।