বাবা যখন এক্কেবারে ছোট্ট তখন একবার ঈদ এলো। ঈদতো প্রতি বছরই আসে। কিন্তু সেই ঈদটার কথা বাবার এখনো বেশ মনে আছে। ঈদের কেনাকাটা চলছিলো বেশ। বাবা ঘ্যানঘ্যান করছিলো এক জোড়া জুতোর জন্য। তো দাদা এক বন্ধের দিনে বাবাকে নিয়ে বেরুলো জুতো কিনতে। কোনো জুতোই বাবার পছন্দ হয় না। অনেক দোকান ঘুরে শেষ পর্যন্ত একটা জুতো বাবার পছন্দ হলো। জুতো তো নয় যেন এক পাশ ভোতা এক জোড়া ডিঙি নৌকা। বেশ দামও নিলো জুতোটার। দোকানি জুতোটার সঙ্গে একটা বিশাল লাল বেলুন ধরিয়ে দিলো বাবার হাতে।
কেন জানি না জুতোর চেয়ে বাবার বেলুনটাই বেশি পছন্দ হয়ে গেলো। অবশ্য সে কথা দাদাকে জানালো না। কেননা বাবা বেশ বুঝতে পেরেছিলো এতো দামের এই জুতো জোড়া কেনা দাদার পছন্দ হয়নি। নেহায়েৎ ছোট ছেলের শখ তাই কেনা।