কুরআনের বিভিন্ন সূরা ও আয়াতের বিশেষ পদ্ধতির আমল দ্বারা রোগ শোক ও বিপদাপদ মুক্তির বিষয়ে অনেকগুলোই দীর্ঘকালের অভিজ্ঞতালব্ধ । আবার এ অভিজ্ঞতাও আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে লাভ হয়েছে। এ বিষয়ে হাদীস গ্রন্থসমূহে বিশ্বস্ত সূত্রে অনেক বর্ণনাও সন্নিবেশিত রয়েছে। সুতরাং কুরআনের বিভিন্ন সূরা ও আয়াতের ফযীলত ও উপকারিতার বিষয়ে জ্ঞান লাভের উৎস হল, হাদীস ও ইলহামের মাধ্যমে প্রাপ্ত দীর্ঘকালের অভিজ্ঞতা। বিভিন্ন রোগে কুরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল সম্পর্কে যুগে যুগে অনেক ওলীআল্লাহ ও মুসলিম মনীষী কর্তৃক অনেক মূল্যবান গ্রন্থ রচিত হয়েছে। গুনিয়াতুত্তালেবীন, মোজাররাবাতে দায়রবী, কামালাতে আযীযী, বিয়াযে ইয়াকুবী, নাফিউল খালায়েক, আমলে কুরআনী প্রভৃতি কুরআনের আমল সম্পর্কিত একেকটি নির্ভরযোগ্য অমূল্য গ্রন্থ। বাংলাভাষায় এ বিষয় সম্পর্কিত বইপত্রাদির অভাব অত্যন্ত প্রকট। ইদানীং বাজারে এ বিষয়ের উপর কিছু বইপত্রাদি দেখা যায়, কিন্তু এর অনেকগুলোই সর্বসাধারণের চাহিদা পূরণে খুব একটা ভাল অবদান রাখতে পারছে না বলেই আমাদের ধারণা। সুতরাং বলতেই হচ্ছে, মানুষের চাহিদা পূরণে শূন্যতা থেকেই যাচ্ছে। এ শূন্যতা পূরণার্থেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস 'নেক আমল' গ্রন্থখানা ।