নাটক নিয়ে আমার পাগলামো অনেক পুরনো ঘটনা। অনার্য পাবলিকেশন্স লি. এর সফিক রহমান আমার সে পাগলামোতে যুক্ত হয় প্রায় দুই দশক পূর্বে।
সমুদ্রের ঢেউয়ের মতো উত্থান-পতনের ভেতর দিয়ে সে পাগলামো গন্তব্য অভিমখী হয়েছে সেই তখন থেকে। কিন্তু অদ্যাবধি আমরা সেই গন্তব্য রেখাকে ছুঁতে পারিনি। অদ্ভুত আনন্দের বিষয় স্বপ্নযাত্রায় উত্থান-পতন থাকলেও আমাদের সবিরাম প্রযত্ন প্রয়াস অক্ষুন্ন আছে
স্বপ্নযাত্রার সেই অক্ষুন্নতার ওপর ভরসা করে আমরা সিদ্ধান্ত নিলাম নাট্যবিষয়ক জার্নাল প্রকাশ করবো। সে ভাবনায় পথ হাঁটলাম। বহুদূর যেতে না পারলেও বহুদিন ব্যয়িত হলো। পরিশেষে বুঝতে পারলাম ডিঙি নৌকায় সমুদ্র অভিযান সফল হওয়ার নয়। তাই স্বপ্নপথে বাঁকবদল হলো। আমারা অনার্য নাট্যপত্র প্রকাশে উদ্যোগী হলাম।
অধিক সহজ-সরল এই স্পপ্নযাত্রাও আমাদের কাছে কঠিন হয়ে উঠলো। আর্থিক সংশ্লেষ আমাদেরকে বিপন্ন করে তুললো। আর মানসম্মত নাট্যবিষয়ক লেখাও দুষ্প্রাপ্য হয়ে গেলো। এই দ্বিবিধ সংকট অনার্য নাট্যপত্র প্রকাশনায় বিঘ্ন সৃষ্টি করলো। কিন্তু আমাদের মননে মগজে যে নাট্যপাগলামি তাই অবিরাম তাড়িত করলো আমাদেরকে। অবশেষে আমরা সকল বিঘ্ন অতিক্রম করে অনার্য নাট্যপত্রের ১ম বর্ষ, ১ম সংখ্যা প্রকাশ করলাম। আজ আমরা আনন্দিত। আজ আমরা উৎফুল্ল।