ঘুম থেকে উঠার পর আজকাল নিতু লক্ষ করছে শরীরটা কেমন দুর্বল লাগে। হাত-পা কেমন যেন শক্তিহীন মনে হয়। কোনো কোনো দিন তার নিজের শরীরকেই চিনতে ভুল হয়। তার মতো একজন যুবতী মেয়ের শরীর এমন হবে কেন? এ বয়সে শরীরে যে প্রাণচাঞ্চল্য থাকার কথা, তা সে কোথাও খুঁজে পায় না। তাহলে কি সে দিনদিন দুর্বল হয়ে যাচ্ছে? খাওয়াদাওয়া কোনো কিছুতেই সে অনিয়ম করে না।
তবুও দিনদিন কেন যে এমন হচ্ছে তার বোধগম্য হয় না। হওয়ার কথাও নয়। সে ডাক্তার নয়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রী। ডাক্তার হলে নিশ্চয়ই বলতে পারত সমস্যাটা কী? তবুও এ বিষয় নিয়ে যে মাথা খাটায়নি তা কিন্তু নয়। ডাক্তার না হয় অর্জিত জ্ঞানের দ্বারা রোগ নির্ণয় করতে পারেন। রোগীও নিশ্চয়ই রোগের ব্যাপ্তির সীমায় তা অনুধাবন করতে পারে। সে বহু চিন্তা-ভাবনা করেও কোনো সমাধান বের করতে পারেনি, অযথাই বৃথা চেষ্টা।