“এই লোকটি যা-ই করুন না কেন, চমৎকারভাবে করেন,” আইজাক আসিমভের দ্য রোমান রিপাবলিকের পাঠ প্রতিক্রিয়ায় এভাবেই পাঠকের অনুভূতি প্রকাশ করা হয়েছিল কোলাম্বাস ডেসপাচ পত্রিকায়। “তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লেখক সাহিত্যের যে কোনো অংশে বিচরণ করতে পারেন এবং সেখানেই তার রচনাকে আকর্ষণীয় করে তোলার ক্ষমতা রাখেন । এই গ্রন্থটিতে তিনি রোম এবং রোমান সাম্রাজ্যের মানুষদের যেন পুনরায় জীবন দান করেছেন।” রোমান সাম্রাজ্যের সময়টি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর আসিমভের স্বকীয়তায় যুগটি যেন নতুনরূপে মনোমুগ্ধকর হয়ে দেখা দিয়েছে।
পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ইতিহাসের দিকে তাকালে আমাদের পরিচয় ঘটে কিছু অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন শাসকের সাথে, বিশেষ করে অগাস্টাস এবং তার বংশধরের মধ্যে ট্র্যাজান, মার্কাস অরেলিয়াস, ডিওক্লেশিয়ান, কনস্টানটাইন এবং থিওডোরিক । এই শাসকদের চরিত্র এবং যে ঘটনার মধ্য দিয়ে তারা বেড়ে উঠেছেন, সেসব এই বইয়ে এত স্বচ্ছভাবে বর্ণিত হয়েছে যেন সব মিলে সেই যুগটি আমাদের চোখের সামনে প্রতীয়মান।
এই বইয়ে রোমের দুই প্রধান ঐতিহ্য নির্মাণের চিত্র দেখতে পাওয়া যায়—একটি হলো আইনের শাসন যা কিনা আজও আমাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে যাচ্ছে আর আরেকটি হলো পূর্বদিকের মানুষের ধর্মীয় অনুভূতিতে সাম্রাজ্যের বিশেষ অবদান।