বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। খাদ্য থেকে আমরা দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকি। অর্থাৎ আমাদের দেহের জন্য পুষ্টি সরবরাহের অন্যতম উৎস হচ্ছে খাদ্য। সাধারণভাবে বলা যায় যে,মানুষ যা খায় তাই খাদ্য। কিন্তু পুষ্টি বিজ্ঞানের ভাষায় খাদ্য হচ্ছে,বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত একটি জটিল উপাদান। যা গ্রহণ করার পর দেহাভ্যন্তরে পরিপাক,শোষণ ও বিপাকের মাধ্যমে তাপ ও শক্তি উৎপাদন করে,দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি দেহের ভারসাম্য বজায় রাখে। আবার কোন কোন পুষ্টি বিজ্ঞানী খাদ্যকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে- “খাদ্য হচ্ছে এই সকল জৈব রাসায়নিক পদার্থ যাদের জৈবিক জারণের ফলে শক্তি উৎপন্ন হয়।”